ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য, ডাকাতির চেষ্টা ও কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্বেও মিছিল করায় আওয়ামী লীগ নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ )।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন।
তিনি জানান, গত বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকার এনসিসি ব্যাংকের সামনে ডাকাতির প্রস্তুতিকালে শতাধিক মামলার আসামি হান্নান (৫৯) ও সাব্বির (৩৫) কে একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে একইদিন অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানার চরাইল খেলার মাঠ এলাকা থেকে মাদকদ্রব্যসহ মো. মাসুদকে (২৭) ১৮ পিস ও আসিফ হাওলাদারকে (২২) ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, অপর একটি অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘাপুর এলাকা থেকে মো. শাহীনকে (২১) ২৫০ গ্রাম গাঁজা ও মো. আব্দুল আলীকে (৫০) ৩০ পিস ইয়াবা ও অপর আরোও একটি অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝিলমিল হাসপাতালের সামনে থেকে মো. নাসির হাওলাদারকে (৪৫) ১০০ পিস ও মো. কালাম খাঁ কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল করায় কেরানীগঞ্জ মডেল থানায় গত ১০ জুন দায়ের করা ৩৬ নং মামলায় সন্দেহ মুলকভাবে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন (৪২) ও কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান সুজনকে (৪৫) সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।