খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলার লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে লবনচরা থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লবনচরা থানার এসআই শরিফুলের নেতৃত্বে এএসআই আনোয়ার ও কনস্টেবল আশরাফুলের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেনের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী থানার সফিয়ান কলোনি এলাকায় বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন একটি চাটনির বস্তার মধ্যে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন। তিনি খুলনার গোল্লামাড়ী মোড় থেকে একটি ইজিবাইকে করে কৈয়া বাজার এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইজিবাইকটি থামিয়ে তাকে আটক করে। পরে তার বহন করা বস্তায় তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটকের পর ওই ব্যক্তি প্রথমে নিজের নাম শহিদুল এবং বাড়ি বাগেরহাটের চিতলমারী বলে পরিচয় দেন। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র যাচাই করে পুলিশ জানতে পারে, তার প্রকৃত নাম আনোয়ার হোসেন এবং তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।