খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনিকে অস্ত্রের মুখে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হোসেন ঢালীকে (৫০) সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন বাঁখুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হোসেন ঢালী খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি আরমান বাহিনীর সক্রিয় সদস্য।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৬ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খুটির ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
নিখোঁজের তিন দিন পর, ২৬ আগস্ট মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় হোসেন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।