বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারি ছিলেন স্লাভকো ভিনচিচ। ওই ম্যাচের পরই রেফারিং ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। হয়তো রেফারি হিসেবে ‘ক্যারিয়ার সেরা’ ম্যাচকে হৃদয়ের বিশেষ স্থানে জায়গা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ভিনচিচ। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে সেরা দৃশ্যটি উপভোগ করার সুযোগ তিনি পেয়েছিলেন। নতুন প্রকাশিত ফুটেজে দর্শকেরা স্লোভেনিয়ান রেফারির দৃষ্টিকোণ থেকে ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে যা যা ঘটেছিল তার কিছু অংশ দেখতে পাচ্ছেন।
ম্যাচ শুরুর আগে টানেলের ভেতর থেকে ফুটেজটি শুরু হয়। দেখা যায় মেসি ম্যাচ অফিশিয়ালদের সাথে সংক্ষিপ্ত হ্যান্ডশেক ও পরিচয়ের আগে মার্ক কুকুরেয়া ও রদ্রিসহ বেশ কয়েকজন স্প্যানিশ খেলোয়াড়কে জড়িয়ে ধরছেন।
তবে টসের সময় অধিনায়ক রদ্রি ও মেসির মধ্যে কী কথা হয়েছিল, সেটা চাপা পড়ে গিয়েছিল মেটলাইফ স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে বেজে ওঠা ডেভিড গেটার ‘টাইটানিয়াম’ গানের আওয়াজের কারণে।
পরের দৃশ্যে যখন মেসি একটি সংকীর্ণ জায়গায় বল পান, বলটি বাঁ পায়ে ঘুরিয়ে রদ্রিকে পরাস্ত করেন এবং স্পেনের অধিনায়ক তাকে টেনে ধরে ফাউল করলে একটি ফ্রি কিক পান। ভিডিওর পরবর্তী অংশে দেখা যায় শিশুকালে মেসির কোলে গোসল করা স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে। একটি কাউন্টার অ্যাটাক থামানোর চেষ্টায় ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ তাকে ফাউল করে ফেলে দেন। এতে মার্টিনেজকে হলুদ কার্ড দেখানো হয়।
ফাউলের সময় ম্যাচ কীভাবে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন তা বোঝাতে ভিনচিচ বলেন, ‘লিওনেল, আমি দেখেছি’, যখন মেসিকে টেনে ধরা হয় এবং তিনি স্লোভেনিয়ান রেফারির দিকে ফেরেন। এই কথায় ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড রেফারির সাথে কোনো তর্কে না গিয়ে ঘুরে দাঁড়ান। প্রায় পাঁচ মিনিটের ভিডিওতে বেশিরভাগ সময় আর্জেন্টিনা অধিনায়ককে স্বাভাবিক দেখা গেছে।
ভিনচিচকে বলতে শোনা যায়, ‘মেসি, পারেদেসকে নিয়ন্ত্রণে রাখো। আমি ওকে দিতে চাই না… ওর হলুদ কার্ড আছে। দয়া করে নিয়ন্ত্রণে রাখো। সবসময়, সবসময়।’
পারেদেস ম্যাচের সময় দ্বিতীয় হলুদ কার্ড এড়িয়ে মেসির পরামর্শ মেনে চলেন। কিন্তু ফুলটাইম বাঁশি বাজার পর তিনি মেজাজ হারিয়ে ফেলেন। তিনি স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন এবং পরবর্তীতে আরেক স্প্যানিশ খেলোয়াড় গাভিকে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেন।
২৯ জুলাই ফিফা ঘোষণা করে যে পারেদেসের বিরুদ্ধে তিনটি আক্রমণের অভিযোগ তদন্ত করা হচ্ছে। তবে রেফারির আই-ভিউ বিশ্বকাপের ফাইনাল ফুটেজে এই হাতাহাতির দৃশ্যটি দেখানো হয়নি।
২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে সাফল্যের ধারাবাহিকতায় পুরুষদের বিশ্বকাপে রেফারির বডি ক্যামেরার ব্যবহার করা হয়। যদিও এই গ্রীষ্মে ফিফা একটি ‘স্ট্যাবিলাইজেশন অ্যালগরিদম’ ব্যবহার করেছে। তারা জানায় তাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার লেনোভোর সঙ্গে যৌথভাবে এটি তৈরি করা হয়েছিল।