আইসিসির টেস্ট খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শাহ। টেস্ট ক্রিকেটে ব্যাটার, বোলার কিংবা অলরাউন্ডার—কোনো বিভাগেই এর আগে আফগানিস্তানের কোনো ক্রিকেটার সেরা দশে জায়গা করে নিতে পারেননি।
এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন রহমত। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে প্রবেশ করেছেন তিনি।শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ১৭৩ রানের ইনিংস খেলেন রহমত। এই পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। একই সঙ্গে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও অর্জন করেছেন আফগান এই ব্যাটার। তিনটি ৫০০ রানের বেশি ইনিংসের দেখা পাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সেঞ্চুরি ছিল রহমতের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম এবং চলতি বছরে দ্বিতীয়। দুর্দান্ত এই ইনিংসের মাধ্যমে ভারতের শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও শ্রীলংকার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলেছেন তিনি।
এর আগে চলতি মাসের শুরুতেই ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে পৌঁছেছিল আফগানিস্তান। প্রথমবারের মতো দলীয় র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসে তারা। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও বাংলাদেশকে হারানোর পুরস্কার হিসেবেই এই সাফল্য পায় আফগানরা।
এদিকে শারজায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনও। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রানের অসাধারণ ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে নয় ধাপ উন্নতি করেছেন তিনি। বর্তমানে টেস্ট ব্যাটারদের তালিকায় তার অবস্থান ৪৮তম।