বিবৃতিতে তাঁরা বলেন, বিএনপির ফ্রান্স শাখার নতুন কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।দলের অনেক নেতাকর্মী বিভিন্ন পদে দায়িত্ব পালনের প্রত্যাশা করছেন। কিন্তু কমিটি ঘোষণার আগেই তাঁদের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এতে তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ফ্রান্সের সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিস্বার্থের কারণে দীর্ঘদিন ধরে কমিটি গঠনের প্রক্রিয়া ঝুলে রয়েছে। এতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তাঁরা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পরবর্তীতে ফ্রান্স বিএনপির সাংগঠনিক দায়িত্ব পান সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকন। বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে পরিচিত এই নেতা দায়িত্ব গ্রহণের পর সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিলেও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তাঁর কার্যক্রম মূলত অনলাইন বৈঠক ও জুম সভার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাঁদের মতে, ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক ইউনিটের সংকট নিরসনে সরাসরি মাঠপর্যায়ে এসে পরিস্থিতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করা জরুরি ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফ্রান্সে এসে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি তাঁকে।
এদিকে দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতাদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা, পারস্পরিক দূরত্ব ও নানা ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির নামে বিভিন্ন প্রচারণা সেই সংকটকে আরো জটিল করে তুলছে।
সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রত্যাশা, অভ্যন্তরীণ বিরোধ ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে দ্রুত একটি গ্রহণযোগ্য ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ফ্রান্স বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এতে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটবে এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম আরো গতিশীল হবে।