বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
Syed Asaduzzaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াইবি তুয়ান চিউ চুন মানের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেন।
বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা সৃষ্টির পাশাপাশি পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ উন্মোচনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়েও দুই পক্ষ আলোচনা করে। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক চুয়া চুন হুয়া, ট্যুরিজম মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রচার (এশিয়া ও আফ্রিকা) বিভাগের পরিচালক মাদাম নুওয়াল ফাদিলাহ কু আজমিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।