বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে একটি সম্ভাব্য শান্তি প্রস্তাবের পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।বৈঠক শেষে ক্রেমলিনের পক্ষ থেকে আলোচনাকে ‘গঠনমূলক ও খোলামেলা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। রাশিয়ার বিশিষ্ট কূটনীতিক ইউরি উশাকভ জানান, সংঘাতের মূল কারণগুলো সমাধান এবং যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে পথ খোঁজার বিষয়ে কথা হয়েছে। বৈঠক চলাকালে পুতিন ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করেন এবং মার্কিন দূতদের ওপর উচ্চ আস্থার কথা ব্যক্ত করেন।বৈঠকের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদলের ইউক্রেন সফর সহজ করতে কিয়েভ শহরে আগামী তিন দিনের জন্য ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পুতিন। তবে এই স্থগিতাদেশ পুরো ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মার্কিন দূতরা মস্কো থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যাচ্ছেন, যা সংঘাত শুরুর পর তাদের প্রথম কিয়েভ সফর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন এবং ইউক্রেনও এই তিন দিন মস্কোতে কোনো হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছে।