ইংল্যান্ড সফরে ব্যাট হাতে রিজওয়ানের সময়টা ছিল হতাশাজনক। চার ইনিংসে তার রান ১২, ৪১, ৭ ও ১। লর্ডসের দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রানে বাজে শটে আউট হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। অন্যদিকে, লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা শেষে ইমামের বাঁ পায়ের কাফে গ্রেড-১ চোট ধরা পড়ে। এরপর পাকিস্তানের দুই ইনিংসেই তিনি মাঠে নামেননি। শেষ দিনের সকালে ম্যাচ শুরুর আগে হালকা ব্যাটিং অনুশীলন করতে নামলেও শারীরিকভাবে সমস্যায় পড়েন তিনি। পিসিবির প্রধান নির্বাচক ও হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ প্রকাশ্যেই ইমামের চোট নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং এ নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের দলে রিজওয়ান ও ইমামকে নির্বাচন নিয়েও নির্বাচকদের কাছে নোটিশ পাঠিয়েছিল পিসিবি। ২৪ ঘণ্টার মধ্যে তাদের নির্বাচনের কারণ এবং কী প্রক্রিয়ায় তাদের দলে নেওয়া হয়েছিল, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছিল। দল পরিবর্তনের পর নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেন মিসবাহ-উল-হক।