খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি ও তাঁর ছোট ভাই সাংবাদিক মো. সোহরাব হোসেন মুন্সির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দাম হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বটিয়াঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ২টার দিকে একদল সন্ত্রাসী বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি ও তাঁর ছোট ভাই সাংবাদিক মো. সোহরাব হোসেন মুন্সির বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা তাঁদের নাম ধরে গালিগালাজ করে এবং বাড়িতে না পেয়ে ঘরের দরজা-জানালায় গুলিবর্ষণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় সাংবাদিক মো. সোহরাব হোসেন মুন্সি বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের অভিযানের পর গ্রেপ্তার সাদ্দাম হোসেনকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে গুলিবর্ষণের ঘটনার প্রকৃত কারণ, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার পেছনে কোনো পূর্ববিরোধ বা অন্য কোনো কারণ ছিল কি না—তা তদন্ত শেষে আরও স্পষ্ট হবে।