রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমী (এস.কে.) প্রতিষ্ঠানটি ২০২৭ সালের প্রথমদিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। এ লক্ষ্যে কেন্দুয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সহকারী অধ্যাপক ও ব্যবস্থানা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. মোজাম্মেল হককে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকনসহ শিক্ষক-কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতার চাচা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার আহমেদ, কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান আবুল বাশার মিয়া, আস্থা ফিডের ময়মনসিংহ বিভাগীয় সেলস ডিপার্ট্মেন্টের প্রধান ফারুক আহমেদ সেলিমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষাবিদ মো. মোজাম্মেল হকের নেতৃত্বে আমাদের একাডেমীক কার্যক্রম আরও গতিশীল হবে। মাধ্যমিক পর্যায়ে উন্নীত হওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়টি নতুন একটি অধ্যায়ের সূচনা করবে।
কেন্দুয়া পৌরশহরে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রাথমিক পর্যায়ের বেশ কিছু ভালো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মাধ্যমিক পর্যায়ে কাঙ্ক্ষিত মানের শিক্ষাদান হচ্ছে না।
ফলে মাধ্যমিকের অনেক শিক্ষার্থী ময়মনসিংহসহ বিভিন্ন শহরমুখী হচ্ছে। আমরা চেষ্টা করব স্বল্প খরচে শিক্ষার্থীদের শহরের মানের শিক্ষা দিতে। সেই লক্ষ্যেই আগামী বছরের জন্য প্রস্তুতি নিচ্ছি।
নবযোগদানকারী অধ্যক্ষ মো. মোজাম্মেল হক বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন আহমেদ খোকনের শিক্ষা বিস্তারে অসাধারণ একটি স্বপ্ন রয়েছে।
তিনি তাঁর কর্মপরিকল্পনা ও স্বপ্নের কথা প্রায়ই আমার সঙ্গে শেয়ার করতেন। আমি মূলত তাঁর সেই স্বপ্নের সারথি হতে এখানে এসেছি। তবে তার জন্য দরকার সকলের সার্বিক সহযোগিতা।