ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা পূর্বপাড়ায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ও হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। জমির মালিকের পরিবারের দাবি, লাঠির জোরে জমি দখলের চেষ্টা, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি এবং বাড়ির সবজিবাগান কেটে তছনছ করার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী মো. জুবায়ের মিয়া ও তাঁর বাবা সৌদি প্রবাসী মো. মনির হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের ৬ই জুন প্রবাসী মনির হোসেন তাঁর আপন বড় ভাই মো. দিলো মিয়ার কাছ থেকে ছয় শতাংশ জমি দুই লাখ টাকায করে ক্রয় করেন।
পরিবারের দাবি,মোঃ দিলো মিয়া আগের পরিবার থাকা সত্বেও দ্বিতীয় বিয়ে করেন এতে করে চলতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সালিশকারীদের মধ্যস্থতায় জমিটি বিক্রির প্রস্তাব দেন। প্রথমে নিজের ছেলেদেরকে জায়গাটি কিনতে বলেন পরে ছেলেরা অসম্মতি জানান, এইজন্যে বাবার জায়গা কেন টাকা দিয়ে কিনতে হবে তাই ছেলেরা বাবার জায়গা কিনতে অসম্মতি জানান।
পরে সৌদি প্রবাসী মোঃ মনির হোসেন, প্রথমে জমি কিনতে অনিচ্ছুক থাকলেও ভাইয়ের আর্থিক সংকট বিবেচনায় স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি ও ব্যাংকে জমানো টাকা দিয়ে জমিটি ভাইয়ের কাছ থেকে ক্রয় করেন।
পরিবারের দাবি, জমি কেনার পর দীর্ঘদিন ধরে তাঁরা শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছিলেন। তবে ২০২৬ সালে দুই পরিবারের মধ্যে সম্পর্কের পরিবর্তনের পর আগে বিক্রি করা জমি ফেরত নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। জমির বর্তমান মূল্য বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে এ বিরোধ আরও জটিল হয়েছে বলেও দাবি ভুক্তভোগীদের।
প্রবাসী মনির হোসেনের পরিবারের অভিযোগ, আজ সকাল সাড়ে ১০টার দিকে মো. দিলো মিয়া, তাঁর দুই ছেলে মো. জুয়েল মিয়া ও মো. রুবেল মিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় বাড়ির গাছপালা এবং সবজিবাগানের বিভিন্ন ধরনের সবজি দা দিয়ে কেটে নষ্ট করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে জমির বিষয়ে প্রতিবাদ করায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি পরিবারের সদস্যদের।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তার স্বার্থে বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান তারা। প্রবাসীর পরিবারের পক্ষ থেকে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী পরিবারের বক্তব্য, জমিটি বৈধভাবে ক্রয় করা হয়েছে। তাই জোরপূর্বক দখল বা ভয়ভীতি প্রদর্শনের পরিবর্তে আইনানুগ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
এখন এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে এবং দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।