এখানে আল্লাহ এমন অভাবী মানুষের প্রশংসা করেছেন, যারা অভাবের মধ্যেও আত্মমর্যাদা বজায় রাখেন এবং মানুষের কাছে বারবার হাত পাতেন না। তাঁরা নিজেদের প্রয়োজনের কথা সবাইকে জানিয়ে বেড়ান না; বরং যথাসাধ্য চেষ্টা করেন, ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন। মহানবী (সা.) বলেছেন, ‘উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।’ (সহিহ বুখারি, হাদিস : ১৪২৭)
এই হাদিসের আলোকে একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত নিজের সামর্থ্য অনুযায়ী উপার্জন করা, পরিবারের দায়িত্ব পালন করা এবং সম্ভব হলে অন্যের উপকারে এগিয়ে আসা। যে ব্যক্তি আজ অভাবের কারণে সাহায্য গ্রহণ করছেন, তিনিও ভবিষ্যতে সামর্থ্যবান হলে অন্যকে সাহায্য করতে পারেন।
আল্লাহর ওপর ভরসা মানে মানুষের সাহায্য প্রত্যাখ্যান করা নয় : তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসার অর্থ হাত-পা গুটিয়ে বসে থাকা নয়। বরং বৈধ উপায় অবলম্বন করে ফলাফলের ভার আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। একজন মুমিন চেষ্টা করেন, পরিকল্পনা করেন, পরামর্শ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করেন; কিন্তু কোনো মাধ্যমকেই আল্লাহর বিকল্প মনে করেন না। মহানবী (সা.) বলেন, ‘উটটি বেঁধে রাখো, তারপর আল্লাহর ওপর ভরসা করো।’ (তিরমিজি, হাদিস : ২৫১৭)
আল্লাহর ওপর আস্থা : অনেক সময় মানুষ নিজের প্রয়োজন পূরণের জন্য ক্ষমতাবান ব্যক্তি, ধনী আত্মীয় কিংবা প্রভাবশালী মানুষের মন জুগিয়ে চলতে গিয়ে সত্য কথা বলা থেকে বিরত থাকে। কখনো অন্যায় মেনে নেয়, কখনো নিজের নীতি বিসর্জন দেয়। এর পেছনে কাজ করে মানুষের অসন্তুষ্টির ভয় এবং তাদের অনুগ্রহ হারানোর আশঙ্কা। অথচ মুমিনের কর্তব্য হলো, মানুষের সঙ্গে সদাচরণ করা, তাদের অধিকার রক্ষা করা এবং বৈধ বিষয়ে সহযোগিতা করা; কিন্তু আল্লাহর অবাধ্যতা করে কারও সন্তুষ্টি অর্জনের চেষ্টা না করা। আল্লাহ তাআলা বলেন, ‘সুতরাং তোমরা তাদের ভয় করো না; বরং আমাকে ভয় করো, যদি তোমরা মুমিন হও।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৭৫)
সারকথা, মানুষের কাছে প্রয়োজনের কথা বলা, বৈধ সাহায্য গ্রহণ করা কিংবা অন্যের সহযোগিতায় উপকৃত হওয়া মানবজীবনের স্বাভাবিক অংশ। কিন্তু নিজের হৃদয়কে মানুষের অনুগ্রহের ওপর নির্ভরশীল করে ফেলা, প্রয়োজন পূরণের জন্য আত্মমর্যাদা বিসর্জন দেওয়া কিংবা আল্লাহর অবাধ্যতা করে মানুষের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না।
আল্লাহ তাআলা আমাদের আত্মমর্যাদা বজায় রেখে জীবনযাপনের তাওফিক দিন এবং সব পরিস্থিতিতে তাঁর ওপর সত্যিকার ভরসা করার শক্তি দান করুন। আমিন।