গাজীপুর মহানগরের টঙ্গীতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে গেছে। সময় মার্কেটের পাশের বাড়িতে থাকা ৮ মাস বয়সী এক শিশু আগুনের স্ফুলিঙ্গ পড়ে দগ্ধ হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের খাঁ-পাড়া দিঘীরপাড় এলাকার বিপ্লব মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাঘটে। দগ্ধ শিশু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে ইলিয়াস হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পাশের দিঘি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়,খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে স্ফুলিঙ্গ পড়ে পাশের বাড়ির আট মাস বয়সী এক শিশু দ্বগ্ধ হয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপ্লব মার্কেটের ইলিয়াস হোসেনের মুদি দোকান,মো. খোরশেদ আলমের ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান, সুজনের একটি বিডি ফুড ডিলারের দোকান।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে সরু রাস্তার কারণে গাড়ি সরাসরি পৌঁছাতে না পারায় কাজ শুরু করতে কিছুটা সময় বেশি লেগেছে।