দেশের শত শত নিরীহ নাগরিককে যারা হত্যা করেছে, তাদের অপতৎপরতা বাংলাদেশের মাটিতে বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে তাদের অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না।’ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিষয়টি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এবিএম খায়রুল হক দিয়েছিলেন, সেটা বাতিল করেছেন সর্বোচ্চ আদালত এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে। আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আগে দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি বরাদ্দের পরিমাণ সর্বোচ্চ চার কোটি টাকা ছিল। এ বছর প্রধানমন্ত্রী সেই বরাদ্দ এক কোটি টাকা বাড়িয়েছেন। পাশাপাশি পূজার ছুটি, সাপ্তাহিক ছুটিসহ পাঁচ দিনের ছুটির ব্যবস্থা এবং পূজা উপলক্ষ্যে এক দিনের ছুটি বাড়ানো হয়েছে।’
পার্বত্য অঞ্চলের (সাজেক) সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপের পাশাপাশি স্থানীয় সংসদ-সদস্য ওয়াদুদ ভূঁইয়াসহ স্থানীয় নেতৃত্ব যৌথভাবে রাজনৈতিক আলোচনা অব্যাহত রেখেছেন।
একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনা না করে তাকে ইতোমধ্যেই সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান থাকবে।