উয়েফার চাপে ‘বিশ্বকাপের স্বত্ব বিক্রির’ পরিকল্পনা নথি দেখাতে রাজি ফিফা
Syed Asaduzzaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন:
বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, ফুটবলের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পদও। সেই বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করে তুমুল বিতর্কে পড়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
শেষ পর্যন্ত পরিকল্পনা থেকে সরে এলেও বিতর্ক থামেনি। এবার সেই উদ্যোগের নেপথ্যের গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে নথি দেখার ক্ষেত্রে থাকবে কঠোর গোপনীয়তার বিধি-নিষেধ।
বিতর্কিত এই পরিকল্পনার নাম ছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)।এর মাধ্যমে বিশ্বকাপের স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। গত মাসে পরিকল্পনাটি বাতিলের জন্য কাউন্সিলের কাছে ক্ষমা চান ইনফান্তিনো। তবে কিভাবে এমন প্রস্তাব তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।এ নিয়ে ফিফাকে ২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।আট পৃষ্ঠার চিঠিতে ১০০টির বেশি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল। এর মধ্যে ছিল এফএফই, সদস্য দেশগুলোর অর্থায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া।
সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম কাউন্সিল সদস্যদের চিঠি দেন। জানান, গুরুত্বপূর্ণ নথি সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সরাসরি দেখা যাবে। তবে তিনি বলেন, ‘গোপনীয়তা বজায় রাখতে কঠোর পর্যালোচনা প্রক্রিয়ার আওতায় নথিগুলো দেখার সুযোগ দেওয়া হবে।
কোন কোন নথি দেখানো হবে, তা অবশ্য স্পষ্ট করেনি ফিফা। আগামী দুই সপ্তাহের মধ্যে আগ্রহী কাউন্সিল সদস্যদের সময় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উয়েফার অভিযোগ, ফিফার এই পদক্ষেপ মৌলিক প্রশ্নগুলোর উত্তর নয়। অন্যদিকে, আইনি পদক্ষেপের কারণে কিছু প্রশ্নের উত্তর দিতে ফিফার সীমাবদ্ধতা রয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্বকাপের স্বত্ব বিক্রির বিতর্কে ইনফান্তিনোর ওপর চাপ এখনো কাটেনি।