মদন (নেত্রকোণা) সংবাদদাতা:
নেত্রকোণার মদনে সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামের এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোণা সড়কের পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারা বেগম অটোরিকশা করে মদন সদরে যাচ্ছিলেন। পথে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর রাস্তার মাঝখানে চলে আসায় বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন করিম জানান ,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।