খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামএকই নামের বিভ্রান্তিতে প্রকৃত অভিযুক্তের পরিবর্তে নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করে ডাকাতির মামলায় আসামি করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় সোহানুর রহমান মিরাজ নামে এক ব্যক্তির মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ৩টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহানুর রহমান মিরাজের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কয়েক মাস আগে বরিশালে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় স্যামসাং কোম্পানির একটি মোবাইল ফোন লুট হয়। পরবর্তী সময়ে খুলনার বাগমারা এলাকার সবেদাতলা নিবাসী মো. মিরাজ নামের এক ব্যক্তি চুরি হওয়া ফোনটি খুলনার শিমুল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন বলে তারা জানতে পেরেছেন।
পরবর্তীতে মোবাইল ফোনের অবস্থান শনাক্তের সূত্র ধরে এসআরবি-৬ শিমুলকে আটক করে। শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে ফোনটি কিনেছিলেন এবং প্রয়োজনে তাকে শনাক্ত করে দিতে পারবেন। তবে অভিযোগ রয়েছে, প্রকৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত না করেই পরবর্তী সময়ে ভুল মোবাইল নম্বরের সূত্র ধরে প্রশাসনের কাছে সোহানুর রহমান মিরাজের পরিচয় পৌঁছে যায়।
পরিবারের দাবি, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পিরোজপুর সদর থানার নির্দেশে এসআরবি-৬ প্রকৃত অভিযুক্তকে গ্রেপ্তার না করে সোহানুর রহমান মিরাজকে গ্রেপ্তার করে। অথচ প্রকৃত অভিযুক্ত মিরাজের নাম, বয়স, পিতা-মাতার পরিচয় ও ঠিকানার সঙ্গে গ্রেপ্তার হওয়া সোহানুর রহমান মিরাজের কোনো মিল নেই।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গ্রেপ্তারের পর তাকে প্রথমে হরিণটানা থানায় নেওয়া হয়। পরে পিরোজপুর সদর থানা পুলিশের সদস্যরা তাকে পিরোজপুরে নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদনও করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
পরিবারের সদস্যরা বলেন, একই নাম হওয়া সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা যাচাই না করে কীভাবে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, তা তাদের বোধগম্য নয়। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার জানানো হলেও তারা যথাযথ প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সোহানুর রহমান মিরাজের জাতীয় পরিচয়পত্র ও পারিবারিক পরিচয় যাচাই, পরিচয়গত বিভ্রান্তির বিষয়টি নিরপেক্ষ তদন্ত, বরিশালের ডাকাতির ঘটনায় প্রকৃত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার, সোহানুর রহমান মিরাজের মামলায় সংশ্লিষ্টতা যাচাই করে নির্দোষ প্রমাণিত হলে আইনগতভাবে মুক্তির ব্যবস্থা এবং দায়িত্ব পালনে কোনো কর্মকর্তার অবহেলা থাকলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, তারা কোনো অপরাধীকে আড়াল করতে চান না। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার পাশাপাশি একজন নির্দোষ মানুষ যেন অন্যের অপরাধের দায়ে কারাভোগ না করেন, সেটিই তাদের প্রত্যাশা।