মদন (নেত্রকোনা) প্রতিনিধি:আব্দুল্লাহ মেম্বার ছিলেন স্থানীয় যুবলীগ নেতা। দাপট দেখিয়ে হয়েছেন ইউপি সদস্য। ৫আগস্টের পর সরকার দলীয় নেতাদের প্রশ্রয়ে হয়ে গেছেন বিএনপির কর্মী। আর সেই ক্ষমতার দাপটেই বাগিয়ে নিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার অর্থ – এমনই অভিযোগ উঠেছে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাগজান গ্রামের ইউপি সদস্য আব্দুল্লাহর বিরুদ্ধে।
গত বোরো মৌসুমে অতি বৃষ্টির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। সরকার কৃষকদের জন্য প্রণোদনা ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, তিনি নিজেসহ বাবা, ভাই, ভাবি, শ্যালিকা, শ্যালক, ভায়রা ভাই, ভাগ্নি জামাইসহ ঘনিষ্ঠ আত্মীয় ১৫জনের নাম এ তালিকায় ঢুকিয়েছেন। এছাড়াও ভুয়া নামেও তিনি প্রণোদনার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে স্থানীয়রা মনে করেন, ইউপি সদস্যের স্বেচ্ছাচারিতায় প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছে ওই এলাকার প্রকৃত কৃষকরা।
এছাড়াও ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এলাকায় নানা অনিয়ম করেছেন। এমনকি মসজিদের ইমামকে হেনস্তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পান না।
স্থানীয়দের অভিযোগ, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে ওই প্রণোদনার টাকা ও চাল নিজের পকেটে ঢুকিয়েছেন তিনি। আওয়ামী লীগের আমলে যুবলীগের সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নিজের খোলস পরিবর্তন করে বিএনপির কর্মী হয়ে গেছেন।
তালিকা অনুযায়ী, ইউনিয়নের সেই তালিকায় ২৫০ নং-এ নাম রয়েছে ইউপি সদস্য আব্দুল্লাহ নিজের। এছাড়াও ২১৭ নম্বরে তার আপন মেঝ ভাই, ২৪৫ নম্বরে হয়েছে ভাগ্নি জামাই হোসেন মিয়া, ২৫৪ নম্বরে রয়েছে আপন বড় ভাই আঃ মন্নাফ, ২৫৫ নম্বরে রয়েছে বড় ভাইয়ের বউ বিউটি আক্তার, ২৫৭ নম্বরে রয়েছে বাবা আজির উদ্দিন, ২৫৮ নম্বরে রয়েছে শ্যালক এনামুল হক, ২৯৩ নম্বরে রয়েছে মেম্বারের শ্যালিকা আইরিন আক্তার, ২৯৪ নম্বরে রয়েছে ভায়রা ভাই সানোয়ার হোসেন, ২৯৫ নম্বরে রয়েছে নুপুর নামে ভুয়া এক নাম, ২৯৬ নম্বরে রয়েছে মেম্বারের আরেক ভাই বউ হাফসা আক্তারের নাম এবং ২০৭ ও ২৬১ নম্বরে রয়েছে জামাল হোসেন (আপন চাচাতো ভাই) নামে একই ব্যক্তির একাধিক নাম।
স্থানীয় কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বন্যায় সব হারিয়েছি, জমির ফসল নষ্ট হয়েছে। কিন্তু মেম্বার আমাদের নাম তালিকায় দেয়নি। তার আত্মীয় স্বজনের নাম দিয়েছেন। যারা কৃষকই না, তাদের নামে প্রণোদনার টাকা আত্মসাৎ করেছেন মেম্বার।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল্লাহ বিষয়টি অস্বীকার করে বলেন, “এসব নাম কিভাবে যুক্ত হয়েছে এবং এর অর্থ কারা উত্তোলন করেছে তা আমি কিছুই জানি না।”
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ কাদের বলেন, “অভিযোগটি খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”