খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : ২০২৬ সালে সারা দেশে ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। এ তালিকায় খুলনা বিভাগের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে পাওয়া ৮৯টি প্রতিষ্ঠানের তালিকার তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।
তালিকায় খুলনা বিভাগের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে খুলনা জেলার চারটি, ঝিনাইদহের দুটি এবং মাগুরা, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো—খুলনা সদর উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খালিশপুরের বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং দিঘলিয়ার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া মাগুরার মহম্মদপুর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার কুমারখালী এম এন (মথুরা নাথ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় এবং ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ ও ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তালিকায়।
তবে জাতীয়করণের এ তালিকা নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, শিক্ষার মান, ফলাফল ও অবকাঠামোগত সক্ষমতায় এগিয়ে থাকা অনেক প্রতিষ্ঠান তালিকায় স্থান পায়নি। অন্যদিকে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা কিংবা প্রত্যাশিত ফলাফল করতে না পারা কিছু প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয়করণ কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়ায় থাকা অধিকাংশ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে দুটি প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জাতীয়করণের উদ্যোগের আওতায় এসেছে। এর মধ্যে বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় ইতোমধ্যে জাতীয়করণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মানবিক বিবেচনায় জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা, ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত সক্ষমতা এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া উচিত।
তাদের মতে, স্বচ্ছ ও অভিন্ন নীতিমালা অনুসরণ না করে ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবশালীদের সুপারিশের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়তে পারে। একই সঙ্গে তদবির ও রাজনৈতিক প্রভাবের সংস্কৃতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে যোগ্য অনেক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাতীয়করণের জন্য নীতিমালা প্রয়োজন। এটি থাকলে তখন সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। তবে কোনো সরকারই এই নীতিমালা করতে ইচ্ছুক নয়। কেননা নীতিমালা না থাকার সুযোগ সরকার যে কোনো প্রতিষ্ঠানকেই সরকারি করতে পারছে।’
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সুপারিশের পরিবর্তে সুনির্দিষ্ট মানদণ্ড, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।