নিজস্ব প্রতিবেদক: আনন্দ-উৎসব, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে রাজধানীর উত্তরায় উদ্যাপিত হয়েছে বগুড়া অ্যাসোসিয়েশন উত্তরা ঢাকার প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬। গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উত্তরার হাউজ বিল্ডিং এলাকার মাসকট প্লাজার বিপরীতে অবস্থিত দ্য ডাইনিং লাউঞ্জ রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আমজাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নুরনবী হোসেন।
এ সময় সংগঠনের উপদেষ্টা রাকিবুল হাসান, এমদাদুল হক মিলটন, জাফরান তরফদার, সিনিয়র সহ-সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি গাজিউল হক মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির ইসলাম জাকির, অর্থবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক আবু সামা মিঠুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বগুড়া অ্যাসোসিয়েশন উত্তরা ঢাকা শুধু একটি সংগঠন নয়, এটি বগুড়ার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মিলনমেলা। পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে সংগঠনটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণবন্ত। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
‘আমাদের ঐক্য, আমাদের শক্তি’—এই প্রত্যয়কে ধারণ করে বগুড়া অ্যাসোসিয়েশন উত্তরা ঢাকা আগামী দিনগুলোতে আরও সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।