ফয়সল আজাদ বলেন, ‘আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি আমরা পরিকল্পনা করছি।গুদাম সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বাফার স্টক বা আপৎকালীন মজুদ বাড়ানোর উদ্যোগও নিয়েছে সংস্থাটি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুদের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে একটি সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষাটি সম্পন্ন হতে প্রায় এক বছর লাগতে পারে।
বিশেষ করে পবিত্র রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পণ্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজন হয়। গুদাম সক্ষমতা বাড়লে টিসিবির পক্ষে আগেভাগে বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বাজারে সরবরাহ করা সহজ হবে।
বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করে আসছে টিসিবি। এ কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচির ওপর ভিত্তি করে গুদামের চাহিদা নির্ধারিত হয়।
নিজস্ব ও ভাড়া করা গুদামের সমন্বয়ে স্বল্পমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বাফার স্টক বাড়ানোর পরিমাণ ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা হবে।
টিসিবির এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে। পাশাপাশি সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বাড়বে।