বয়স সবে ১৫। কৈশোরের গণ্ডিই এখনো পেরোননি বৈভব সূর্যবংশী। অথচ এই বয়সেই ব্যাটিং তাণ্ডবে লিস্ট ‘এ’ ক্রিকেটের রেকর্ডের বই যেন তছনছ করে দিলেন ভারতের এই বিস্ময়বালক। মঙ্গলবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর দিয়ে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ড।
২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যবংশীর তাণ্ডবে ম্যাচটা শেষ হয়ে গেছে মাত্র ১৪.২ ওভারে! ৩ উইকেট হারিয়ে ভারত ‘এ’ দল যখন জয়ের বন্দরে পৌঁছায়, তখন সূর্যবংশীর নামের পাশে জ্বলজ্বল করছে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য এক ইনিংস। অর্থাৎ দলের ২৫০ রানের মধ্যে একাই ২০৪ রান করেছেন এই কিশোর, যার মধ্যে ২৮টিই ছক্কা!
সেঞ্চুরির পর যেন রানের গতি আরও বাড়িয়ে দেন সূর্যবংশী। পরের ১০০ রান তুলতে খরচ করেন মাত্র ২৪ বল! ৪০ বলে ১৫০ রান পূর্ণ করে ভেঙে দেন গত বছর বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে নিজেরই গড়া ৫৯ বলের রেকর্ড। আর ৫২তম বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে চুরমার করে দেন চ্যাড বোয়েসের ১০৩ বলে করা দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড। আগের রেকর্ডের প্রায় অর্ধেক বল খেলেই দুইশ ছুঁয়েছেন তিনি।