প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজিত এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর শহরটির সিটি সেন্টারের চার্লস এফ ডজে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই আয়োজন।
জানা গেছে, এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা এতে অংশ নেবেন। তাদের সঙ্গে এই আয়োজনে মঞ্চ মাতাবেন জায়েদ খানও। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করবেন তিনি।
জায়েদ খানের মায়ামি সফরের খবরে এরই মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে সেখানকার বাংলাদেশি প্রবাসীদের মধ্যে।প্রথমবারের মতো এই আয়োজনে তার অংশগ্রহণ ঘিরে স্থানীয় প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।চলচ্চিত্রের পর্দার বাইরে বিভিন্ন অনুষ্ঠানেও নিজের উপস্থিতি দিয়ে বরাবরই আলোচনায় থাকেন জায়েদ খান। এবার মায়ামির মঞ্চে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে প্রবাসী দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।