কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ ভারতীয় তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি-৪৭। এসময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) শুক্রবার (১৮ এপ্রিল) বিকালের দিকে সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।আটক ভারতীয় তিনজন মাদক চোরাকারবারি হলেন- মুর্শিদাবাদ জেলার নিজাম উদ্দীন মন্ডলের ছেলে জুয়েল মন্ডল (২৫), একই এলাকার শাহাদ আলী মন্ডলের ছেলে রাকিবুল মন্ডল (৩৫) এবং কালাচাদ মন্ডলের ছেলে বাপন মন্ডল (৩২)।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) চরচিলমারী বিওপি এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থানে নায়েক মো. শাহজালালের নেতৃত্বে একটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিগ্রীরচর এলাকার ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে মো. নিজাম মন্ডলের (৪৫) বাড়ি হতে ৬৯ বোতল ফেনসিডিলসহ তিনজন ভারতীয় মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) এবং তার ছেলে মো. শরিফ মন্ডল (২৫) উভয়েই পলাতক রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানকারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..