ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদের (ডাকসু) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভা করেছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বুধবার (১ এপ্রিল) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময়সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মুহিউদ্দীন খানসহ কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখাসহ সব ক্ষেত্রে ডাকসুর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘শিক্ষক হিসেবে আমি সর্বদা শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের পক্ষে সোচ্চার ছিলাম।
উপাচার্যের দায়িত্ব গ্রহণের পরও আমার অবস্থান শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে।’ উপাচার্যের দায়িত্বকে একটি ‘আমানত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে এই দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা চাই।’দায়িত্ব গ্রহণের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে নানা উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করায় ডাকসুর ভিপি উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে ডাকসু সর্বদা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবে।’ এ সময় ডাকসুর পক্ষ থেকে শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরা হয়।উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ডাকসু নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এগুলো লিখিতভাবে উপস্থাপনের পরামর্শ দেন। শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বডিতে উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।
এ ক্যাটাগরির আরো নিউজ..