বর্ষা বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরে-বাইরে কীটপতঙ্গের উপদ্রব বেড়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। তেলাপোকা, পিঁপড়া, মশা-মাছি তো আছেই, তার সঙ্গে টিকটিকি ও মাকড়সার আনাগোনাও বাড়ে। অনেকেই বাজারের রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন, কিন্তু এগুলো সব সময় কার্যকর হয় না। এ ছাড়া এসব রাসায়নিক শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে বাড়িতে শিশু ও বয়স্ক থাকলে।
এই পরিস্থিতিতে প্রাকৃতিক উপায় হিসেবে দারচিনি ব্যবহার করা যেতে পারে। পিঁপড়া সাধারণত খাবারের গন্ধ অনুসরণ করে চলে। তাই তাদের চলার পথে দারচিনির টুকরো রেখে দিলে তীব্র গন্ধের কারণে তারা বিভ্রান্ত হয়ে পড়ে এবং আর এগোয় না। জানালার ধারে বা দরজার পাশে কয়েক টুকরো দারচিনি রাখলেই এই সমস্যার অনেকটাই সমাধান হতে পারে।
একইভাবে, মাকড়সার উপদ্রব কমাতেও দারচিনি কার্যকর। এর তীব্র গন্ধে মাকড়সা দূরে সরে যায়। চাইলে কয়েকটি দারচিনির লাঠি একসঙ্গে বেঁধে জানালায় ঝুলিয়ে রাখা যায়, যাতে বাতাসে তার গন্ধ ছড়িয়ে পড়ে এবং পোকামাকড় দূরে থাকে। এ ছাড়া দারচিনি এসেনশিয়াল অয়েলও ব্যবহার করা যেতে পারে।
একটি পাত্রে পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা দারচিনি তেল মিশিয়ে জানালার কোণে রাখলে তা প্রাকৃতিক কীটনাশকের মতো কাজ করে।
গাছপালায় পোকামাকড়ের আক্রমণ হলেও দারচিনি কাজে দেয়। টবের মাটির উপর কয়েক টুকরো দারচিনি ছড়িয়ে দিলে পোকামাকড়ের উপদ্রব কমে যায়। প্রাকৃতিক, নিরাপদ ও সহজলভ্য এই উপায়গুলো ব্যবহার করে রাসায়নিক ছাড়াই ঘরকে কীটপতঙ্গমুক্ত রাখা সম্ভব।
এ ক্যাটাগরির আরো নিউজ..