দীর্ঘক্ষণ পানিতে হাত ভিজিয়ে রাখলে আঙুলের ত্বক কুঁচকে যায় কেন
Syed Asaduzzaman
/ ৫
ভিউ:
হালনাগাদ:
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
দীর্ঘ সময় বাসন মাজা, কাপড় কাচা বা পানিতে কাজ করার পর হাতের আঙুলের চামড়া কুঁচকে যাওয়া অত্যন্ত পরিচিত একটি ঘটনা। অনেকের ধারণা ত্বকের আর্দ্রতা হারানোর কারণে এটি ঘটে, তবে গবেষকরা জানিয়েছেন—এটি মূলত শরীরের একটি স্বাভাবিক স্নায়বিক প্রতিক্রিয়া।
‘মাসল অ্যান্ড নার্ভ’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, এই প্রক্রিয়ার মূল কারণ হলো ‘ভ্যাসোকনস্ট্রিকশন’ বা রক্তনালি সংকুচিত হওয়া। দীর্ঘক্ষণ পানিতে হাত ভিজে থাকলে আঙুলের ডগার রক্তনালিগুলো সংকুচিত হয়ে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। ত্বকের নিচের টিস্যুর আয়তন হ্রাস পাওয়ায় ওপরের চামড়াটি কুঁচকে যায়। কাজ শেষে হাত শুকিয়ে রক্তপ্রবাহ স্বাভাবিক হলে ত্বক আবারও আগের অবস্থায় ফিরে আসে।
বিশেষজ্ঞরা জানান, ঘটনাটি শরীরের ‘সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম’ বা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। হাত ও পায়ের আঙুলে স্নায়ু ও রক্তনালির ঘনত্ব বেশি থাকায় কেবল এই অংশগুলোতেই এমন পরিবর্তন দেখা যায়।
চিকিৎসকদের মতে, দীর্ঘক্ষণ পানিতে থাকার পর আঙুলের চামড়া কুঁচকে যাওয়া কোনো শারীরিক সমস্যা নয়, বরং এটি মানবদেহের একটি স্বাভাবিক ও সুস্থ প্রতিক্রিয়া।