মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ মোট চারটি বাসও পিংক বাস সার্ভিসের আওতায় চলবে।
মোট ১৩৪টি স্টপেজে এ বাস সার্ভিস পরিচালিত হবে।এতে পিওএস মেশিনের মাধ্যমে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। একটি বাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ওয়াই-ফাই এবং তিনটি বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বাসেও এসব সুবিধা যুক্ত করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, নারী যাত্রীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানো হবে।
একই সঙ্গে ধাপে ধাপে সেবার মানও উন্নত করা হবে।তিনি বলেন, শুধু বাসের সংখ্যা বাড়ালেই হবে না, নারী যাত্রীরা যাতে নিরাপদ, স্বস্তিদায়ক ও যাত্রীবান্ধব পরিবেশ পান, তা নিশ্চিত করতে হবে। উদ্বোধনের সময় যে মানের সেবা দেওয়া হচ্ছে, দুই মাস পর সেটি আরও উন্নত করার জন্য বিআরটিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে হবে।মন্ত্রী আরো বলেন, ঢাকার গণপরিবহনের বিদ্যমান রুট ব্যবস্থাপনাও নতুন করে সাজানো প্রয়োজন। অনেক রুটের অস্তিত্ব না থাকলেও সেসব রুটের পারমিট রয়েছে, আবার কোথাও পারমিট না থাকলেও বাস চলাচল করছে।যাত্রীচাপ ও প্রয়োজন বিবেচনায় নিয়ে রুট পারমিট ও রুটগুলো রেশনালাইজ করে নতুনভাবে চিহ্নিত করা হবে।পরিবহন খাত আধুনিকায়নের অংশ হিসেবে সরকার সরাসরি ২০০টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এসব বাসের মধ্যেও নারীদের জন্য বাস রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহন থেকে বেরিয়ে এসে ঢাকায় পরিবেশবান্ধব ও মাল্টিমোডাল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..