গরমের সময় পেট ভরে খাওয়া ঠিক নয়। এতে গরমে আরও হাঁসফাঁস বেড়ে যাবে।খাবারও ঠিকমত হজম হবে না। সেই সুবাদে গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে নানা জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য গরমে একসঙ্গে অনেক খাবার না খেয়ে, অল্প অল্প করে বারবার খাওয়া উচিত। এই নিয়ম মেনে চললেই উপকার মিলবে।
এ ব্যাপারে শ্রাবণী মুখার্জি বলেন, শুধু গরমের দিনে নয়, বরং বছরজুড়েই সকালের নাশতা ভারী খাবার খেয়ে শুরু করা ঠিক।
এমন কিছু মানুষ আছেন, যারা ওজন কমানোর জন্য সকালে নাশতা করতে চান না। এতে শরীরে শক্তির ঘাটতি হয় বলে জানিয়েছেন শ্রাবণী। তার ভাষ্যমতে―সকালের নাশতা হলো দিনের প্রথম খাবার। এই খাবার ঠিকমতো খেলে দুর্বলতা কাটে। শরীরের সব অঙ্গ ঠিকঠাক কাজ করে। বিপরীতে, যদি সকালের নাশতা না করেন, তাহলে মেটাবোলিজম রেট ধীর হওয়ার সম্ভাবনা থাকে। তাতে মেদ জমার আশঙ্কাও থাকে। এ জন্য ওজন কমাতে চাইলেও নিয়মিত সকালে নাশতা করতে হবে।
সকালে নাশতা, দুপুরে ও রাতের খাবার হচ্ছে দিনের তিনটি বড় খাবার। এসব খাবারে প্রোটিন, ফ্যাট, কার্ব, খনিজ ও ভিটামিনের উপস্থিতি থাকা উচিত। প্রোটিনের উৎস হচ্ছে ডিম, মাছ, মাংস ও সোয়াবিন। তেল থেকে শুরু করে বিভিন্ন খাবারের মধ্যে ফ্যাট থাকে। অপরদিকে কার্বের ঘাটতি মেটানোর জন্য ভাত, রুটি, ডালিয়, ওটস ও শস্যদানা খেতে পারেন। আর ভিটামিন ও খনিজের চাহিদা পূরণের জন্য শাক-সবজি ও ফল খেতে হবে।
গরমে পানিশূন্যতা কাটাতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। না হলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। তাই সচেতন নাগরিক হিসেবে দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পরিমাণ পানি পান করুন। তবে কিডনিজনিত সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পানের বিষয়টি নিশ্চিত করুন।