হেদায়াতের পথে চলতে গিয়ে বাধা আসতে পারে, প্রবৃত্তির সঙ্গে লড়াই করতে হতে পারে এবং কখনো ভুলও হয়ে যেতে পারে। কিন্তু আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টি কামনা করে যিনি সত্যের পথে অবিচল থাকার চেষ্টা করেন, তাঁর উচিত আল্লাহর রহমতের আশা না হারানো। আল্লাহ বলেন, ‘আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমি অবশ্যই তাদের আমার পথসমূহের দিশা দেব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৬৯)
সারকথা, জীবনের পথ যত দীর্ঘই হোক, গন্তব্য সঠিক না হলে সেই যাত্রা পূর্ণতা পায় না। আর গন্তব্য সঠিক রাখার জন্য প্রয়োজন আল্লাহর হেদায়াত, কোরআন-সুন্নাহর অনুসরণ এবং প্রতিনিয়ত আত্মসমালোচনা। তাই আসুন, আমরা শুধু সফল হওয়ার চেষ্টা না করে সঠিক পথে সফল হওয়ার চেষ্টা করি। এমন জীবন গড়ে তুলি, যেখানে দুনিয়ার কর্মব্যস্ততা আমাদের আখিরাত থেকে গাফেল করবে না, বরং দুনিয়ার প্রতিটি সৎকর্ম আখিরাতের পাথেয় হয়ে উঠবে।