ঢাক-ঢোল পিটিয়ে ফ্রাংকো মাস্তানতুয়োনোকে বরণ করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নিজের ঢোল পেটাতে পারেননি আর্জেন্টিনার ফরোয়ার্ড।সে সময়কার কোচ জাবি আলানসো একের পর এক সুযোগ দিলেও সমর্থকদের হৃদয় জিততে পারেননি মাস্তানতুয়োনো।
তাই বাধ্য হয়েই মাস্তানতুয়োনোকে ধারে পাঠাতে বাধ্য হয় রিয়াল। লস ব্ল্যাংকোস থেকে ইতালির ক্লাব ফিওরেন্টিনায় জায়গা হয় ১৯ বছর বয়সী উইঙ্গারের। নতুন জায়গা পেয়ে যেন আড়মোড়া দিয়ে উঠলেন তিনি।ঠিক যেন গতকাল রাতে রিভার প্লেটের ‘মাস্তান’ হয়ে উঠলেন উদীয়মান উইঙ্গার।হ্যাটট্রিক হারে সিরি আ শুরু করা ফিওরেন্টিনাকে প্রথম জয় এনে দিলেন মাস্তানতুয়োনো। ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় এনে দিয়ে। এর মধ্যে একাই করেছেন ৩টি।
বাকি গোলটি মাতেও পেলেগ্রিনোর। প্রতিপক্ষের হয়ে গোল দুটি করেন অ্যাকোর অ্যাডামস ও আঁতোয়ান অ্যানো।পেশাদার ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন মাস্তানতুয়োনো। প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। ভেঙেছেন লিওনেল মেসির রেকর্ড।
ইউরোপের শীর্ষ ৫ লিগের হিসেবে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী এখন মাস্তানতুয়োনো। গতকাল হ্যাটট্রিকের সময় মাস্তানতুয়োনোর বয়স ছিল ১৯ বছর ২৮ দিন। বার্সেলোনার হয়ে মেসি ক্যাম্প ন্যূতে হ্যাটট্রিক করেছিলেন ১৯ বছর ২৫৯ দিনে। ২০০৭ সালে তার প্রথম হ্যাটট্রিক পাওয়ার রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার এল ক্লাসিকোর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল।