নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ ও টানপাড়া এলাকায় ক্রমবর্ধমান মশার উৎপাত নিয়ন্ত্রণ এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করছে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন আবাসিক পরিবেশ নিশ্চিত করতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছে সোসাইটিটি।
আজ ২৩ নভেম্বর সকাল ১০টায় নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির নিজস্ব কার্যালয়ে ডিএনসিসির ১৭ নম্বর ওয়ার্ডের মশক ইনচার্জ আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন মশক নিয়ন্ত্রণ টিমের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় টিমের সঙ্গে উপস্থিত ছিলেন মশক সুপারভাইজার মো. ফারুক আহমেদ ও রাহাত হাসান।
মতবিনিময় সভায় নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল, সোসাইটির নেতা মতিউর রহমান স্বপন, আমির হোসেন, লিটু আহমেদ লিটন ও তাসবির ইকবালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় নিকুঞ্জ ও টানপাড়া এলাকার বর্তমান মশার পরিস্থিতি, ক্রমবর্ধমান উপদ্রব, মশার বংশবিস্তার রোধ এবং ডিএনসিসির মশক নিধন কার্যক্রম আরও কার্যকর ও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে এলাকায় মশার উৎপাত বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে মশক নিধন কার্যক্রম আরও পরিকল্পিত, নিয়মিত ও এলাকাভিত্তিকভাবে পরিচালনা করা জরুরি।
পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, “বর্তমান পরিস্থিতিতে নিকুঞ্জ ও টানপাড়া এলাকায় ডিএনসিসির কার্যকর মশক নিয়ন্ত্রণ উদ্যোগ অত্যন্ত জরুরি। বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হচ্ছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার জনস্বার্থ, নাগরিক অধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। ডিএনসিসির সঙ্গে আমাদের বরাবরই বিভিন্ন যৌথ কার্যক্রম ও সহযোগিতামূলক উদ্যোগ রয়েছে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এলাকার নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব। অতীতের মতো ভবিষ্যতেও ডিএনসিসির সঙ্গে আমাদের আরও ইতিবাচক ও কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।”
সোসাইটির উত্থাপিত দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে ডিএনসিসির মশক নিয়ন্ত্রণ টিম। জনস্বার্থে সোসাইটির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে টিমের সদস্যরা আশ্বস্ত করেন, নিকুঞ্জ ও টানপাড়া এলাকায় মশক নিধনের ক্ষেত্রে যেখানে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা গ্রহণে তাঁরা আন্তরিকভাবে কাজ করবেন।
এ সময় মশক নিয়ন্ত্রণ টিমের পক্ষ থেকে বলা হয়, “আমাদের সব কার্যক্রমই জনস্বার্থে পরিচালিত হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করাই আমাদের কাজ। তাই জনগণের স্বার্থে আমরা সব সময় সেবা দিতে প্রস্তুত।”
সভায় নিকুঞ্জ ও টানপাড়া এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি, ড্রেন, নালা, জমে থাকা পানি এবং সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিয়মিত ফগিং, উপযুক্ত স্থানে লার্ভিসাইড প্রয়োগ এবং এলাকাভিত্তিক নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব কার্যক্রমের পাশাপাশি বাসিন্দাদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেও মশাবাহিত রোগ প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
সোসাইটির পক্ষ থেকে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়, নিকুঞ্জ ও টানপাড়াকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি সমন্বিত, ধারাবাহিক ও কার্যকর মশক নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালনা করা হোক।
উল্লেখ্য, নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি এলাকার নাগরিক সমস্যা সমাধান, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে। সোসাইটির মূল লক্ষ্য কথায় নয়, কাজে নাগরিক সেবা ও জনকল্যাণ নিশ্চিত করা।
সোসাইটির প্রত্যাশা, ডিএনসিসির কার্যকর উদ্যোগ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং এলাকাবাসীর সম্মিলিত সচেতনতায় নিকুঞ্জ-টানপাড়াকে মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।