খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনা মহানগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে মশিউর রহমান (৫৯) নামে এক শিক্ষা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তার বাবার নাম মোজাম্মেল হক।
জানা গেছে, ঘটনার সময় মশিউর রহমান মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে সেখানে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিউর রহমানের বাম পাঁজরের নিচে লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা এবং কী কারণে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে কাজ করছে।