নিজস্ব প্রতিবেদক, টঙ্গী
গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেড, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেড ও মেঘনা টেক্সটাইল মিলস লিমিটেড পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিনটি মিলের ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে টঙ্গীর ইজতেমা মাঠসংলগ্ন নবী হাউজে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মিল তিনটির বর্তমান অবস্থা, ব্যাংকঋণ, পুরোনো যন্ত্রপাতি, উৎপাদন সক্ষমতা এবং পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মিল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর আওতাধীন নিউ মন্নু ফাইন কটন মিলস, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস ও মেঘনা টেক্সটাইল মিলস ২০০১ সালে যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার) কোম্পানির মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে মালিকানা হস্তান্তর করা হয়। এরপর থেকেই মিল তিনটি বন্ধ রয়েছে।
কর্তৃপক্ষের দাবি, মিলগুলো হস্তান্তরের সময় ঋণের পরিমাণ তুলনামূলক কম ছিল। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সুদসহ বর্তমানে প্রতিটি মিলের ঋণের পরিমাণ ৪৪ কোটি টাকার বেশি হয়েছে। পাশাপাশি পুরোনো যন্ত্রপাতি ও ঋণের বোঝার কারণে মিলগুলো পুনরায় চালু করা সম্ভব হয়নি।
নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের নেতৃবৃন্দ প্রতিটি মিলের ঋণের পরিমাণ ৪৪ কোটি টাকার বেশি। হস্তান্তরের সময় ঋণের পরিমাণ কম থাকলেও সময়ের সঙ্গে তা বেড়েছে। ব্যাংকের সুদ মওকুফের জন্য আবেদন করা হবে। ব্যাংকগুলো সুদ মওকুফ করলে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে মিলগুলো নতুনভাবে চালু করা সম্ভব হবে।
সভায় তিনটি মিলের প্রধান উপদেষ্টা ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি পরিচালনা পরিষদের সদস্যদের কাছ থেকে মিলগুলোর সমস্যাগুলো চিহ্নিত করে বিস্তারিত তথ্য দেওয়ার আহ্বান জানান। তিনি বন্ধ মিলগুলো পুনরায় চালুর ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ২ নম্বর উপদেষ্টা আলহাজ সালাউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর ভিপি আসাদসহ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম,মেঘনা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন, মনু টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনিকে নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেড, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেড ও মেঘনা টেক্সটাইল মিলস লিমিটেডের প্রধান উপদেষ্টা করা হয়।