খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনা ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। রোববার (২২ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে ঢাকার পল্লবী ও খুলনার রূপসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চঞ্চল মাহমুদ পাঠান (৩৭) ও মো. মাশরাফি মোল্লা (২২)। তাদের বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা রয়েছে।
ঢাকার পল্লবী থেকে চঞ্চল গ্রেপ্তার
এসআরবি-৬ ও এসআরবি-০৪-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর ডিএমপির পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় খুলনা সদর থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি চঞ্চল মাহমুদ পাঠানকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নাগেরহাট পাঠানবাড়ি এলাকার মৃত আব্দুল লতিফ পাঠানের ছেলে।
রূপসা থেকে মাশরাফি গ্রেপ্তার
একই দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল খুলনার রূপসা থানাধীন তিলকগ্রাম এলাকায় আব্দুর রশিদ মিয়ার চায়ের দোকানে অভিযান চালায়। সেখান থেকে লবণচরা থানার অপর একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মাশরাফি মোল্লাকে (২২) গ্রেপ্তার করা হয়।
তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার কুশলি এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে।
পরবর্তী কার্যক্রম
অভিযান শেষে গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-৬ বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছে।