ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে কার্যক্রমের সূচনা করেন। পরে বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ই-পার্লামেন্ট চালুকরণের লক্ষ্যে গঠিত ১ নম্বর সাব-কমিটি এবং ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদ গ্রন্থাগারের রেফারেন্স ও গবেষণা সেবার মানোন্নয়নের লক্ষ্যে গ্রন্থাগার ও গবেষণা অধিশাখার জনবল বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ গ্রন্থাগারে ই-পার্লামেন্ট সিস্টেম চালুকরণে সরকারি অর্থায়ন (Government of Bangladesh) ব্যতিত ইউএনডিপি’র অর্থায়ন সম্ভব না হলে, এ বিষয়ে অন্য কোনো উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থা আগ্রহী কি না, তা অনুসন্ধানের জন্য কমিটি সুপারিশ কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ সদস্যদের গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক রেফারেন্স সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষামূলকভাবে দুইজন দক্ষ ও অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগেরও সুপারিশ করা হয়।
এছাড়া, লাইব্রেরি কমিটি ও জাতীয় সংসদ গ্রন্থাগারের কনফারেন্স রুম হিসেবে ব্যবহারের জন্য সংসদ ব্লকের লেভেল-১-এর ১৫২ নম্বর কক্ষটি জাতীয় সংসদ গ্রন্থাগারের অনুকূলে বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।