রুকন উদ্দিন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও থিয়েটার বিভাগের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের নিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Theatre Graduates Association of Bangladesh (TGAB)। সংগঠনটির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দুয়ার কৃতী সন্তান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী হৃদয় কিশোর সৌরভ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে TGAB-এর প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও থিয়েটার বিভাগের শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ এহসানুর রহমানকে আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী রোকসানা রুমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হৃদয় কিশোর সৌরভকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হয়। নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রাথমিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
TGAB-এর অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের বিভিন্ন নাট্যশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় করা এবং শিক্ষা-পরবর্তী সময়ে পেশাগত ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দিকনির্দেশনা ও সহযোগিতার সুযোগ তৈরি করা। একই সঙ্গে পেশাগত নাট্যচর্চায় পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, গবেষণা ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করা এবং দেশীয় সংস্কৃতিচর্চার সঙ্গে বিশ্বসংস্কৃতির সম্পর্ক নিরূপণে বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।
নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের নাট্যচর্চাকে প্রাতিষ্ঠানিক ও পেশাদারিত্বের উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত সময়োপযোগী। শিক্ষায়তন থেকে বেরিয়ে আসা তরুণেরা যাতে একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রেও নিজেদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পারেন এবং দেশীয় নাট্যকলাকে বৈশ্বিক পরিসরে তুলে ধরতে ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে তাঁরা সার্বিক পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের আহ্বায়ক শেখ এহসানুর রহমান বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে থিয়েটার প্রদর্শনী, গবেষণা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি নাট্যশিক্ষার্থীদের পেশাগত জায়গাগুলো সুসংহত করতে আমাদের একটি বৃহৎ পরিকল্পনা রয়েছে।”
৮ সেপ্টেম্বর সংঠনের সদস্য সচিব হৃদয় কিশোর সৌরভের সাথে কথা হলে তিনি জানান, “একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ার দীর্ঘদিনের যে প্রচেষ্টা আমাদের ছিল, বিলম্বে হলেও তা আজ বাস্তবে রূপ লাভ করেছে। আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য হলো থিয়েটার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃযোগাযোগ সুদৃঢ় করা এবং সংগঠনের মূল উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া।”
“শিক্ষা, শিল্প, প্রগতি ও থিয়েটার অধিকারের ঐক্যে আমরা সবাই সবার”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের থিয়েটার গ্র্যাজুয়েটদের পারস্পরিক সংযোগ, পেশাগত বিকাশ এবং নাট্যচর্চার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাবে Theatre Graduates Association of Bangladesh (TGAB)।
উল্লেখ্য, হৃদয় কিশোর সৌরভ নেত্রকোণার কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সমরেন্দ্র বিশ্ব শর্মা’র একমাত্র ছেলে।