আল্লাহ তাআলা মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ করেছেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।’ (সুরা : নিসা, আয়াত : ১০৩)
তাই ব্যবসা-বাণিজ্য, চাকরি, কারিগরি কাজ, খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান কিংবা অন্য কোনো পার্থিব ব্যস্ততাকে নামাজের সময় পার করে দেওয়ার অজুহাত বানানো উচিত নয়। বরং মুসলিমের জীবনযাপনের সময়সূচি এমন হওয়া উচিত, যাতে ফরজ নামাজ যথাসময়ে আদায় করা যায়। বিশেষ করে সভা, অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজকদের উচিত নামাজের সময় বিবেচনায় রেখে কর্মসূচি নির্ধারণ করা।অংশগ্রহণকারীদের নামাজ আদায়ের সুযোগ দেওয়া এবং সময় হলে তাদের স্মরণ করিয়ে দেওয়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ইসলাম মানুষের সামর্থ্য ও বাস্তব অবস্থাকে বিবেচনা করে। তাই অসুস্থতা, ভয় কিংবা বিশেষ প্রতিকূলতার কারণে নামাজের স্বাভাবিক পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে; কিন্তু সাধারণভাবে এসব পরিস্থিতিতে নামাজের দায়িত্ব বিলুপ্ত হয়ে যায় না। প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী নামাজের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো।’ (সুরা : তাগাবুন, আয়াত : ১৬)
অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায়ে অক্ষম হলে বসে, আর বসতেও অক্ষম হলে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ আদায় করবেন। (সহিহ বুখারি, হাদিস: ১১১৭)
নামাজ যথাযথভাবে আদায় করা জরুরি
শুধু নামাজ আদায় করাই যথেষ্ট নয়; বরং নামাজের শর্ত, ফরজ, ওয়াজিব ও অন্যান্য বিধান যথাযথভাবে পালন করাও জরুরি। নামাজের আগে পবিত্রতা অর্জন, শরীর ও পোশাকের পবিত্রতা নিশ্চিত করা, সতর আবৃত রাখা, কিবলামুখী হওয়া এবং নিয়ত শুদ্ধ রাখার প্রতি যত্নবান হতে হবে। একইভাবে কোরআন তিলাওয়াত, রুকু, সিজদা ও অন্যান্য কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে হবে। বিশেষত রুকু ও সিজদায় তাড়াহুড়ো করা কিংবা দুই রুকন বা অবস্থানের মধ্যবর্তী সময়ে স্থিরতা বজায় না রাখা নামাজের শুদ্ধতার ক্ষেত্রে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে। একবার রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে নামাজে তাড়াহুড়ো করতে দেখে তাকে পুনরায় নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছিলেন। এরপর তিনি তাকে শিখিয়েছিলেন, নামাজে দাঁড়িয়ে স্থির হতে হবে, কোরআন পড়তে হবে, রুকুতে প্রশান্তি অর্জন করতে হবে এবং সিজদাও যথাযথভাবে সম্পন্ন করতে হবে। (সহিহ বুখারি, হাদিস: ৭৫৭)
নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে
নামাজের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা এবং তাকে অন্যায় ও পাপাচার থেকে দূরে রাখা। নিয়মিত নামাজ মানুষকে তার সৃষ্টিকর্তার কথা স্মরণ করিয়ে দেয়। ফলে তার মধ্যে নৈতিক দায়িত্ববোধ, আত্মসংযম ও সৎকর্মের আগ্রহ তৈরি হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নামাজের প্রকৃত প্রভাব মানুষের আচরণে প্রকাশ পাওয়া উচিত। কেউ নামাজ আদায় করছেন, অথচ মানুষের অধিকার নষ্ট করছেন, মিথ্যা বলছেন, প্রতারণা করছেন কিংবা অন্যায় কাজে লিপ্ত হচ্ছেন—তাহলে তাঁর উচিত নিজের নামাজের একাগ্রতা ও আত্মশুদ্ধির দিকটি আরো গভীরভাবে পর্যালোচনা করা।
ঘুমিয়ে পড়লে বা ভুলে গেলে করণীয়
কখনো ঘুম কিংবা ভুলের কারণে কারও নামাজ ছুটে যেতে পারে। এ ধরনের অনিচ্ছাকৃত পরিস্থিতিতে ইসলামের নির্দেশনা স্পষ্ট। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো নামাজের কথা ভুলে যায়, সে যখন তা স্মরণ করবে, তখনই যেন তা আদায় করে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৯৭)
ঘুমিয়ে পড়া বা ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে তা আদায় করতে হবে। তবে ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করা বা অবহেলার কারণে সময় পার করে দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়; এর জন্য আন্তরিক তওবা করে নামাজের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি।
বিপদাপদে নামাজ মুমিনের শক্তি ও আশ্রয়
জীবন সব সময় একই রকম থাকে না। কখনো মানুষ দুঃখ-কষ্ট, অসুস্থতা, আর্থিক সংকট, পারিবারিক সমস্যা কিংবা নানা অনিশ্চয়তার সম্মুখীন হয়। এসব পরিস্থিতিতে হতাশা ও দুর্বলতা মানুষকে গ্রাস করতে পারে। কিন্তু একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর দিকে ফিরে যাওয়ার এবং তাঁর সাহায্য কামনা করার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। কেননা নামাজ মানুষকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে সাহায্য করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৩০
সন্তান ও পরিবারকে নামাজে অভ্যস্ত করা
নামাজের প্রতি যত্নবান হওয়া শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়; বরং পরিবারকেও এ বিষয়ে সচেতন করা জরুরি। শায়খ আল-জুহানি মুসলিমদের সন্তান ও পরিবারের সদস্যদের নামাজের প্রতি যত্নবান হতে এবং তাদের অন্তরে নামাজের গুরুত্ব প্রতিষ্ঠা করতে উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও এর ওপর অবিচল থাকো।’ (সুরা : ত্বহা, আয়াত : ১৩২)
পরকালের সফলতা অর্জনে নামাজের ভূমিকা
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এখানে মানুষ সম্পদ, সম্মান, ক্ষমতা ও নানা সাফল্য অর্জনের জন্য চেষ্টা করে। কিন্তু এসব অর্জন একসময় শেষ হয়ে যাবে। স্থায়ী জীবন হলো আখিরাতের জীবন, যেখানে প্রত্যেক মানুষকে তার বিশ্বাস ও আমলের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা সফল মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে; যারা নিজেদের নামাজে বিনয়ী ও একাগ্র।’ (সুরা : মুমিনুন, আয়াত : ১-২)
অতএব, আসুন, আমরা নামাজকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করি, পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে ও একাগ্রতার সঙ্গে আদায় করি এবং নামাজের শিক্ষা নিজেদের চরিত্র ও কর্মে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের হক যথাযথভাবে আদায় করার, পরিবার-পরিজনকে নামাজের প্রতি যত্নবান করার এবং দুনিয়া ও আখিরাতে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন। আমিন।