পাকিস্তান সীমান্তে সংঘর্ষের পর বিপুল অস্ত্র উদ্ধারের দাবি ইরানের
Syed Asaduzzaman
/ ৮
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
পাকিস্তান সীমান্তে সশস্ত্র চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের পর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
ইরানের ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বালুচেস্তান প্রদেশের সীমান্ত এলাকায় সংঘর্ষের পর এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।প্রদেশটির সীমান্তরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার ফার্সকে জানান, অভিযানে চারটি আরপিজি-৭ লঞ্চার, ছয়টি ট্যাংকবিধ্বংসী আরপিজি গোলা এবং ছয়টি আরপিজি প্রোপেল্যান্ট চার্জ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের ২ হাজার ৩৮২ রাউন্ড এবং এম৪ রাইফেলের ৭৯৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্র ও গোলাবারুদ ইরানে পাচার করা হচ্ছিল।ইরানি কর্তৃপক্ষের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ড চালানো এবং দেশটিতে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে এসব অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা ছিল।