মদন(নেত্রকোনা) সংবাদদাতাঃ কয়েকমাস আগে ঘটে যাওয়া কালবৈশাখী ঝড়ে সড়কের পাশে থাকা একটি বেশ বড় রেইনট্রি গাছ বিপজ্জনকভাবে হেলে পড়েছে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল টু ফতেপুর সড়কের তিয়শ্রী বাজারের রাস্তার উপর। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাসহ মারাত্মক জনভোগান্তি দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের সীমানা ঘেঁষে থাকা রেইনট্রি গাছটির গোড়ার মাটি সরে গিয়ে এটি সড়কের দিকে ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়েছে । এর ফলে সড়ক দিয়ে বাস, ট্রাকসহ অন্যান্য ছোট-বড় যানবাহন চলাচলের সময় মারাত্মক ঝুঁকির সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে হেলে যাওয়া গাছটির কারণে যানবাহনগুলোকে থমকে যেতে হচ্ছে, যা দীর্ঘ যানজট এবং সাধারণ পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের অধিকাংশ মানুষ এই রাস্তা দিয়েই চলাচল করে।কিন্তু ঝড়ের পর থেকে গাছটি হেলে পড়ে থাকলেও তা অপসারণ করার জন্য এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিনের বেলা কোনোমতে ছোট-বড় যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতের আঁধারে বা বর্ষার সময় এখান দিয়ে চলাচলের ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী সাধারণ যাত্রী ও চালকদের দাবি— যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট বন বিভাগ ও সড়ক কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে হেলে পড়া গাছটি কেটে বা সরিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান,আমি বিষয়টি অবগত হয়েছি।এ বিষয়ে বন বিভাগে চিঠি পাঠিয়েছি তাদের মতামত পেলে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।