মার্কিন ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির শঙ্কায় ডলার ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার বেড়ে গেছে। এর ফলে শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন হয়েছে।মূল্যবান এই ধাতুটির দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। এদিন বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৫ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৭ দশমিক ৯০ ডলারে নেমেছে।এ বিষয়ে ক্রিটিক্যাল মেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টনি সেজ বলেন, ‘ফেডের কঠোর মুদ্রানীতির শঙ্কা থেকে স্বর্ণ নতুন করে চাপের মুখে পড়েছে।এর ফলে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে এবং সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যাচ্ছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের কারণেও বিনিয়োগকারীরা অন্য খাতের লোকসান পুষিয়ে নিতে বাধ্য হয়ে স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩০৯ দশমিক ৩৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৯০৬ দশমিক ৬৭ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কেনাবেচা হচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকায়।
এ ছাড়া ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা কেনাবেচা হচ্ছে ১ হাজার ৯২৫ টাকায়।