কানাডার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে দেশের প্রায় ২০০ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে (এসএমই) সহায়তা দেওয়া হবে। এ জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও টিএফও কানাডা যৌথভাবে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প চালু করেছে।প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, অর্থায়ন ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে কাজ করা হবে। বিশেষ অগ্রাধিকার পাবেন নারী উদ্যোক্তারা।
টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ বলেন, প্রকল্পে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, রপ্তানি প্রস্তুতি, ডিজিটাল সক্ষমতা, অর্থায়ন ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পাট খাতের এসএমই উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো হবে।
অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হলেও পাটজাত পণ্যে মূল্য সংযোজনের ঘাটতি রয়েছে। এ কারণে প্রায় তিন বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবন ও মূল্য সংযোজন বাড়ানো গেলে এ খাতের রপ্তানি আরো বাড়ানো সম্ভব।
আলোচনায় বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম পাটজাত পণ্যের জন্য আগামী ১০ বছর শুল্কমুক্ত সুবিধা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কাঁচা পাটের মূল্য নির্ধারণ ও সরবরাহব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী বলেন, পাট খাতের নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয় সনদ ও কমপ্লায়েন্সের ব্যয় কমানোর ওপরও জোর দেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সচেতনতার অভাবে অনেক এসএমই উদ্যোক্তা ঋণসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের উইমেন এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ফান্ডে ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ নিতে পারেন।
অনুষ্ঠানে বাংলাদেশে কানাডার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।