টিকটকার হাসানের রেসিডেন্স পারমিট যে কারণে বাতিল করল গ্রিস
Syed Asaduzzaman
/ ৪
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন:
বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৫০ জন অননুমোদিত অভিবাসীকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস সরকার। দেশটির অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রিসের ফেরত পাঠানো দলটির মধ্যে মো. হাসান (২৭) নামের এক বাংলাদেশি যুবকও আছেন। গ্রিসের নাফপ্লিও শহরে বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের প্রবেশে উসকানি দিয়ে টিকটকে একটি ভিডিও প্রচার করার অপরাধে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় গ্রিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে আপলোড করা ওই ভিডিও ক্লিপটিতে হাসানকে দাবি করতে দেখা যায় যে নাফপ্লিওতে কাজের সুবাদে তাদের অবস্থান বেশ সুবিধাজনক এবং কোনো বৈধ কাগজপত্র না থাকলেও অন্যদের অনায়াসে সেখানে চলে আসতে সমস্যা নেই। এমনকি সেখানে দীর্ঘদিন সেখানে থাকলেও পুলিশ তাদের খুঁজে পাবে না।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক প্রশাসনের নজরে এলে পরবর্তী সময়ে পুলিশ হাসানকে চিহ্নিত করে। পরে তার আগের রেসিডেন্স পারমিট বাতিলের পাশাপাশি তার রাজনৈতিক আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।
জানা গেছে, মৌলভীবাজার জেলার সন্তান হাসান বিগত চার-পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করে আসছিলেন। তবে এই বিতর্কিত ভিডিও প্রকাশ করার পরই গ্রিসের কঠোর অভিবাসন আইন অনুযায়ী এই পরিণতির মুখোমুখি হতে হয়।
গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানান, অবৈধ অভিবাসন ঠেকানোর চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় গ্রিসপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন প্রবাসীদের মতে, সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভে কিছু অসাধু ব্যক্তি গ্রিসে অবৈধভাবে প্রবেশের উপায় নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, যার ফলে পুরো বাংলাদেশি কমিউনিটির সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হতে পারে।