ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম।তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, বিমানবন্দরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পেছনে কোনো বিশেষ কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা উদঘাটনে আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড প্রয়োজন।
শুক্রবার (০২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
মামলার এজাহারের বিবরণ
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (BG-338) লাগেজ পেতে বিলম্ব হলে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন।
এজাহারে আরও বলা হয়, তার সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণের চেষ্টা করলে নিরাপত্তা কর্মকর্তা বাধা দেন, এতে আখতারুজ্জামান তাকেও লাঞ্ছিত করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে মারমুখী আচরণ করেন।