আঃ লতিফ মোতাহার মদন(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সাইতপুর গ্রামের মরহুম আল আমিন (রিকন) এর তিন এতিম কন্যার পাশে দাঁড়িয়েছে মানবতার সেবা ও রক্তদান গ্রুপ। সংগঠনটির উদ্যোগে অসহায় তিন শিশুর ভবিষ্যৎ ও জীবনযাত্রার সহায়তায় প্রায় ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এতিম তিন শিশুর পরিবারের হাতে এই অর্থ হস্তান্তর করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মানবতার সেবা ও রক্তদান গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমাদ (তরুণ), অর্থ সম্পাদক ইকরামুল হাসান (ইকরাম), উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান হোসেন ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন তিয়শ্রী ইউনিয়ন উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামিল হায়দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ মানবিক এ উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিক অনুদান, পরামর্শ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ২০২৬ সালে মানবতার সেবা ও রক্তদান গ্রুপের উদ্যোগে এ পর্যন্ত মোট ১০টি মানবিক ইভেন্ট বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।