শূর্পনখার চরিত্র বেছে নেওয়ার কারণ জানালেন রাকুল প্রীত
Syed Asaduzzaman
/ ৮
ভিউ:
হালনাগাদ:
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এর প্রথম ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে অভিনেত্রী রাকুল প্রীত সিং। ট্রেলারে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেলেও রাবণের বোন ‘শূর্পনখা’র ভূমিকায় তার ক্ষুরধার উপস্থিতি দর্শক মনে বেশ সাড়া ফেলেছে।
এবার ভক্তদের আগ্রহ মেটাতে কেন তিনি পৌরাণিক এই বিতর্কিত ও জটিল চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিলেন, তা নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুরাগী চিঠি লিখে রাকুলের কাছে শূর্পনখার চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত এবং পর্দার চ্যালেঞ্জ নিয়ে জানতে চান। জবাবে অনুরাগীকে ধন্যবাদ জানিয়ে রাকুল জানান, চরিত্রটির জটিলতা ও বহুমাত্রিকতাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল।
রাকুল লিখেন, ‘ইতিহাসে সাধারণত শূর্পনখাকে কেবল একটি একক ঘটনার দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করা হয়েছে।কিন্তু তার গল্পের পেছনে আরো অনেক স্তর ও রহস্য রয়েছে। একজন শিল্পী হিসেবে মানুষের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়, এমন চরিত্রই তো সবচেয়ে বেশি রোমাঞ্চিত করে।’ ছবি মুক্তির পর দর্শকেরা যেন পূর্বধারণা সরিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে শূর্পনখাকে আবিষ্কার করেন—সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
বিপুল বাজেটে তৈরি দুই পর্বের এই ‘রামায়ণ’ ফ্র্যাঞ্চাইজিতে প্রায় ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।নির্মাতাদের সূচি অনুযায়ী, চলতি বছরের দীপাবলিতে প্রথম পর্ব এবং আগামী বছরের কোনো এক উৎসবের মৌসুমে দ্বিতীয় পর্বটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।