অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না
Syed Asaduzzaman
/ ২
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দেশে ফিরতেই তাকে দেখতে একে একে ছুটে যাচ্ছেন দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
তবে শারীরিক অসুস্থতার কারণে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মধ্যেও কখনো কখনো ছন্দপতন ঘটছে। এরই মধ্যে চিত্রনায়ক আলমগীর, অভিনেত্রী রোজিনা, শবনমসহ অনেকেই তার সঙ্গে দেখা করেছেন। অনেক পরিচিত মানুষকে চিনতে পারছেন না ইলিয়াস কাঞ্চন, এমনকি কিছু বিষয় মনেও রাখতে পারছেন না বলে জানা গেছে।
ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) সহসভাপতি লিটন এরশাদ।জানিয়েছেন, অভিনেতার চলাফেরায় আগের মতো স্বাভাবিকতা নেই।
তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের চলাফেরার মধ্যে আর সেই স্বাভাবিক ব্যাপারটি নেই। অনেককে চেনেন, আবার অনেককেই চেনেন না। অনেক কিছুই মনে রাখতে পারেন না।
যেমন গতকাল একসঙ্গে আমরা জুমার নামাজ পড়লাম। নামাজ শেষ হতেই তার শরীর খারাপ হতে লাগল, বাসায় নিয়ে গেলাম।’লিটন এরশাদের মতে, দীর্ঘ চিকিৎসার অংশ হিসেবে নেওয়া কেমোথেরাপি ও রেডিওথেরাপির ধকলের কারণেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থায় এমন পরিবর্তন এসেছে।
নিসচার সহসভাপতির কথায়, ‘কেমোথেরাপি ও রেডিও মিলে ১০০টি থেরাপি দেওয়া হয়েছে। এটার তো একটা ধকল আছে।সেটার কারণেই এমন অবস্থা। তবে একটা ভালো খবর হলো, কেমো দেওয়ার ফলে টিউমারটির সাইজ অনেক ছোট হয়ে এসেছে। কেমো ও রেডিও তো শেষ হয়েছে। এখন গিয়ে একটা সিটি স্ক্যান-এমআরআই করাতে হবে।’জানা গেছে, গত বছরের প্রথম দিকে ইলিয়াস কাঞ্চনের শরীরে টিউমার শনাক্ত হয়। পরে পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে তাঁর চিকিৎসা শুরু হয়।
প্রায় তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেও ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা এখনো পুরোপুরি শেষ হয়নি। আগামী ১২ আগস্ট আবারও লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানেই পরবর্তী চিকিৎসা চলবে।