
সাম্প্রতিক সময়ে শাকিব খানের বিপরীতে একাধিক নতুন মুখ দেখা গেলেও দর্শকদের একটি বড় অংশ এখনও ইধিকাকেই তাঁর সঙ্গে সবচেয়ে মানানসই জুটিগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। ফলে নতুন সিনেমার ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত আবারও শাকিব-ইধিকা জুটিকে একসঙ্গে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
দর্শকদের কৌতূহল আরো বেড়েছে শাকিব খানের দেওয়া একটি পোস্ট ঘিরে। সেখানে তিনি লিখেছিলেন, ‘বরবাদ টিম ফিরছে’।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনো শেষ পর্যায়ে রয়েছে। তাই নায়িকা নির্বাচনও এখনো চূড়ান্ত হয়নি।
কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত শাকিব খানই চূড়ান্ত হয়েছেন। যেহেতু এখনও স্ক্রিপ্টিং শেষ হয়নি তাই নায়িকার বিষয়টা এখনই বলা যাচ্ছে না।’
ইধিকা পাল আবারও এই সিনেমায় থাকছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাহরীন সুমি বলেন, ‘আমাদের শর্ট লিস্টে তিন-চারজন নায়িকা রয়েছেন, যাদের কথা আমরা ভাবছি।

প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।
থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবির দৃশ্যধারণ হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।