বলিউড সুপারস্টার সালমান খান মানেই বক্স অফিসে ঝড়। গত তিন দশক ধরে তিনি একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে চলেছেন।তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের ধরন নিয়ে পর্দার আড়ালের এমন এক গোপন তথ্য ফাঁস করেছেন তিনি, যা শুনে ভক্তরা রীতিমতো অবাক। সালমান জানিয়েছেন, এত বড় ক্যারিয়ারে তিনি আজ পর্যন্ত কোনো সিনেমার পুরো চিত্রনাট্য (স্ক্রিপ্ট) মন দিয়ে পড়েনইনি!
সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র সঙ্গে এক আলাপচারিতায় সালমান খান বলেন, ‘আমি আমার সারা জীবনে কখনো কোনো চিত্রনাট্য পড়িনি। আমি নিজে গল্প লিখেছি, কিন্তু কখনো অন্যের লেখা স্ক্রিপ্ট পাতা ধরে পড়িনি।’ অভিনেতা জানান, কাগজের লেখা পড়ার চেয়ে তিনি ছবির উপস্থাপনা ও এর বাণিজ্যিক সম্ভাবনা বুঝে কাজ করতে বেশি পছন্দ করেন।
একই সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় তার দামি ঘড়ির সংগ্রহ নিয়ে তৈরি হওয়া গুঞ্জনও পরিষ্কার করেন সালমান। ১ কোটি টাকারও বেশি মূল্যের এসব ঘড়ি প্রসঙ্গে হাসিমুখে তিনি বলেন, ‘আপনারা আমাকে জনসমক্ষে যেসব দামি ঘড়ি পরতে দেখেন, সেগুলোর সব আমার নয়। ওগুলো কোনো না কোনো বন্ধুর থেকে নেওয়া।’
সালমান খান বর্তমানে তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ব্যস্ত আছেন।জানা গেছে, সম্প্রতি এই ছবিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আগে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ এবং এর গল্প গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিনেমা থেকে চীন ও গালওয়ান উপত্যকার সমস্ত উল্লেখ বাদ দেওয়া হয়েছে এবং ছবিটির বড় একটি অংশের নতুন করে শুটিং করা হয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমানকে একজন ভারতীয় সেনা কর্নেলের ভূমিকায় দেখা যাবে। ছবিটিতে তার সাথে আরও থাকছেন চিত্রাঙ্গদা সিং।
এ ক্যাটাগরির আরো নিউজ..